বাংলাদেশের নির্বাচন নিয়ে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

সময়: 11:22 am - January 28, 2026 |

মানব কথা: ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এসব কথা বলেন।

ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সিইসির সঙ্গে বৈঠক করে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল সিইসির সঙ্গে ক্রিস্টেনসেনের প্রথম সাক্ষাৎ।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ভোটের ফলাফল কী হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না। মানুষের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার সব প্রস্তুতির বিষয়ে আমাদের জানিয়েছেন। নির্বাচনের ফলাফল নিয়ে আমার যথেষ্ট আগ্রহ আছে।

এর আগে, বুধবার বেলা ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি ভবনে আসেন মার্কিন রাষ্ট্রদূত।

গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। সেই বৈঠক সম্পর্কে ক্রিস্টেনসেন বলেন, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছিলেন যে, নির্বাচন উৎসবমুখর হবে। তিনিও (মার্কিন রাষ্ট্রদূত) আশা করেন, বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন হবে।

Share Now

এই বিভাগের আরও খবর