বিশ্বকাপ বয়কটের ডাক দিল নেদারল্যান্ডস
মানব কথা: গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের রাজনীতি। ট্রাম্পের এমন অবস্থানের প্রতিবাদে ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল জার্মানি। এবার সেই একই পথে হাঁটার ডাক এল নেদারল্যান্ডসের কাছ থেকেও।
মূল ঘটনার সূত্রপাত গত সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে। সেখানে ট্রাম্প জানান, তিনি গ্রিনল্যান্ড দখলে নিতে সরাসরি বলপ্রয়োগ করতে চান না। তবে পরক্ষণেই তিনি বলেন, অতিরিক্ত শক্তি প্রয়োগ না করলে কিছুই পাওয়া সম্ভব নয় এবং যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এমন আগ্রহে ক্ষুব্ধ ইউরোপীয় দেশগুলো।
ডাচ টেলিভিশন প্রযোজক টেউন ফন দে কুকেন নেদারল্যান্ডস দলকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। শুধু দাবি জানিয়েই ক্ষান্ত হননি তিনি, জনমত গড়তে একটি অনলাইন পিটিশনও চালু করেছেন। সেই পিটিশনে প্রায় দেড় লাখ মানুষ স্বাক্ষর করে সমর্থন জানিয়েছে।
কুকেন বলেন, ‘আমি নিজে ফুটবল ভালোবাসি এবং বিশ্বকাপ বর্জন হোক তা চাই না। কারণ এটি ক্রীড়াজগতের বড় ক্ষতি। কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এতই জটিল যে, খেলাধুলার চেয়ে এটিই এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে কুকেন বলেন, ‘ক্রীড়া সংস্থাগুলো প্রায়ই বলে রাজনীতি ও খেলাধুলা আলাদা। কিন্তু সমস্যা হলো, রাজনীতি যখন ঢুকে পড়ে তখন আপনাকে কোনো এক দিকে অবস্থান নিতেই হয়।’
এর আগে জার্মানির রাজনীতিবিদরা সাফ জানিয়ে দিয়েছিলেন, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড নিয়ে তার জেদ থেকে সরে না আসেন, তবে জার্মানি ২০২৬ বিশ্বকাপ বর্জন করতে পারে। ট্রাম্পও পাল্টা হুমকি দিয়ে ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর কথা বলেছেন।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার। তবে ইউরোপের প্রভাবশালী দেশগুলো যদি শেষ পর্যন্ত বয়কটের সিদ্ধান্তে অনড় থাকে, তবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরটি বড় ধরণের সংকটে পড়বে।


















