নেপালে বিজয়ের পথে বালেন্দ্র শাহের দল

সময়: 10:34 am - March 7, 2026 |

মানব কথা: নেপালের রাজনীতিতে বড় চমক নিয়ে আসছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, তার নেতৃত্বাধীন মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয়ের পথে রয়েছে।

শনিবারের ভোট গণনা শেষে দেখা গেছে, গত বছর ছাত্র আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে তরুণ প্রজন্মের ব্যাপক সমর্থন পেয়েছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৭৫ আসনের পার্লামেন্টের নিম্নকক্ষে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে আরএসপি।

কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই এএফপিকে বলেন, ‘প্রবণতা দেখে মনে হচ্ছে, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি অনেক জায়গায় এগিয়ে আছে এবং বেশ কয়েকটি আসনে জয়লাভ করেছে।’

যদি এই ধারা অব্যাহত থাকে, তবে প্রবীণ মার্ক্সবাদী নেতা কেপি শর্মা ওলিকে হারিয়ে কাঠমান্ডুর সাবেক মেয়র থেকে নেপালের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের উত্থান দেশটির সাম্প্রতিক রাজনীতির অন্যতম নাটকীয় ঘটনা হতে পারে।

শনিবার সকাল পর্যন্ত নির্বাচনের ১৬৫টি আসনের মধ্যে মাত্র ২৪টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আরএসপি ১৮টি এবং নেপালি কংগ্রেস ৫টি আসনে জয়ী হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল মাত্র ১টি আসনে জয় পেয়েছে। তবে বাকি ৯৯টি আসনে আরএসপি এগিয়ে রয়েছে।

এ ছাড়া আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ১১০টি আসনের ভোট গণনায়ও বালেন্দ্র শাহের দল অর্ধেকের বেশি ভোট নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র জানান, নির্বাচনের ফল সোমবারের মধ্যে পাওয়া যেতে পারে। তবে আনুপাতিক ভোটের হিসাব শেষ করে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। ভোট গণনা সুষ্ঠুভাবে চলছে বলে তিনি জানান।

নেপালে গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেন-জি প্রজন্মের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তা দ্রুতই দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বড় বিক্ষোভে রূপ নেয়। ওই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন এবং কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটে। আন্দোলনের ছয় মাস পরই নির্বাচিত সরকার পেতে যাচ্ছে দেশটি।

শুক্রবার থেকেই কাঠমান্ডুর রাস্তায় বালেন্দ্র শাহের সমর্থকেরা বিজয় উৎসব শুরু করেছেন।

বালেন্দ্র শাহ নিজেও সরাসরি নির্বাচনে ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এটি পুরোনো নেতৃত্বের বিরুদ্ধে তারুণ্যের বিজয়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে গত জোট সরকারের বৃহত্তম দল নেপালি কংগ্রেসের নতুন নেতা গগন থাপাও নিজ আসনে পিছিয়ে রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর