সংরক্ষিত নারী সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল
মানব কথা: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (০৪ মে) দুপুরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত বিএনপির সদস্যদের সঙ্গে নিয়ে তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। দলের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকেও তাদের প্রতি সমর্থন জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদে এসব নারী সদস্যরা কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
এর আগে বেলা ১টার দিকে বিএনপির মহাসচিব নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবেরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শামী আক্তার, ফেরদৌসী আহমেদ মিষ্টি, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিবা চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা রুমা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা নিশিতা ও রেজেকা সুলতানা প্রমুখ।
উল্লেখ্য, রোববার (০৩ মে) রাতে সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের পরিচালনায় নবনির্বাচিত ৩৬ জন নারী সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিনে জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্যও শপথ নেন।














