দুই মামলায় জামিন পেলেন খায়রুল হক, মুক্তিতে বাধা নেই

সময়: 11:05 am - May 12, 2026 |

মানব কথা: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন।
এর আগে গত ২৮ এপ্রিল জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা পাঁচ মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-র নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেন-এর বেঞ্চ চার মামলায় জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলায়ও জামিন পান তিনি। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। তবে নিম্ন আদালতে আরও দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার সেই দুই মামলায়ও জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া প্লট জালিয়াতির অভিযোগে দুদকও মামলা করেছে। এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে অবসরে যাওয়ার পর তিনি তিন দফায় বাংলাদেশ আইন কমিশন-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর