১৪৩ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি হজযাত্রী
চলতি মৌসুমে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৫ হাজার ৬৯৩ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৪৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত চারজন নারীসহ মোট ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন।এদিকে, সৌদিতে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ২৭ হাজার ১১৬ জন সৌদি মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্যসেবা পেয়েছেন। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা নিয়েছেন আরও ১৬ হাজার ২ জন।
হজ অফিস জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ ব্যবস্থাপনায় কাজ করছে মোট ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি, বিমান সংস্থাভিত্তিক তথ্যে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৭০টি ফ্লাইটে ২৭ হাজার ৭৮০ জন, সৌদি এয়ারলাইন্স-এর ৫১টি ফ্লাইটে ১৯ হাজার ৪৫৭ জন এবং ফ্লাইনাস-এর ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।অবশিষ্ট ২২ হাজার ৬৮৫ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যাবেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটির উদ্বোধন করেন তারেক রহমান।হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকায় পৌঁছাবে।











