টানা ৭ দিনের ঈদের ছুটি, জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
মানব কথা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকবে।তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।সরকার জানিয়েছে, জরুরি সেবাসমূহ এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেটসহ জনসেবামূলক গুরুত্বপূর্ণ খাতগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।
এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে। ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক, আর আদালতের কার্যক্রম নিয়ে আলাদা নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।বেসরকারি শিল্প-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দফতরে পাঠানো হয়েছে।
দীর্ঘ এ ছুটিকে ঘিরে ইতোমধ্যে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার প্রস্তুতি জোরদার হতে শুরু করেছে।









