বাংলাদেশে চার খাতে সহযোগিতা জোরদারে আগ্রহ নিউজিল্যান্ডের
মানব কথা:ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড।সোমবার (১৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন।বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার ডেভিড পাইন বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। এ সময় হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত।












