যানজট কমাতে ভৈরব নদের ওপর নতুন সেতু হবে: জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী
মানব কথা:যশোর শহরের যানজট নিরসনে গরীব শাহর মাজার থেকে ঘোপ নওয়াপাড়া সড়কে ভৈরব নদের ওপর নতুন সেতু নির্মাণ এবং কাঠেরপুল সেতু প্রশস্ত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী। শুক্রবার (২২ মে) সকালে পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। যশোরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। পৌরবাসীর চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।” তিনি আরও বলেন, আগামী বর্ষা মৌসুমের আগে শহরের জলাবদ্ধতা আগের বছরের তুলনায় অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নিয়ে উন্নয়নকাজ চলমান রয়েছে। এ সময় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা একটি নিরাপদ ও আধুনিক যশোর গড়তে চাই।” অনুষ্ঠানে পৌর সদরের বিভিন্ন এলাকায় আরসিসি রাস্তা, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, পৌরসভার প্রশাসক, জেলা বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।









