পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান

সময়: 1:35 pm - May 24, 2026 |

মানব কথা :দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ড. জুবায়দুর রহমান। রোববার (২৪ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত বছরের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর ড. জুবায়দুর রহমানকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেন। পরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ পদে তিনি ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হন। ড. জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-এ অধ্যাপক এবং ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটি-এ ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ড. রহমান বিশ্বের ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর