মহাসড়কে অবৈধ পশুর হাট বন্ধে কড়া বার্তা: মন্ত্রী

সময়: 7:18 pm - May 24, 2026 |

মানব কথা: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কের পাশে অবৈধ পশুর হাট ও বাজার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদযাত্রায় মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। রোববার (২৪ মে) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত এক গণসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। এ সময় সড়কের পাশে অবৈধ পশুর হাট বা বাজার বসলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই আগেভাগেই এসব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, বিআরটি প্রকল্পটি শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল এবং এটি বাস চলাচলবান্ধব নয়। তবে প্রকল্পটি পুরোপুরি অপসারণ না করে আরও ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয় করে চালু রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে।মন্ত্রী জানান, প্রকল্পটি চালু রাখা নাকি ভেঙে অপসারণ করা হবে—তা নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। ঈদের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, “যেটি জনবান্ধব ও যৌক্তিক হবে, সরকার সেই সিদ্ধান্তই নেবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মো মজিবুর রহমান, মো. হুমায়ুন কবির খানসহ সড়ক পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর