হামের উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

সময়: 4:56 pm - May 28, 2026 |

মানব কথা:দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া পাঁচ শিশুর সবাই হামের উপসর্গে আক্রান্ত ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত শিশুদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট ও বরিশাল বিভাগে একজন করে রয়েছে। একই সময়ে সারা দেশে আরও ৮২৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬৭ হাজার ৯০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এদের মধ্যে ৫৪ হাজার ১৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৫০ হাজার ৯২৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুরা চিকিৎসাধীন রয়েছে। এদিকে চিকিৎসকেরা শিশুদের দ্রুত হাম প্রতিরোধী টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর