ছয় নবজাতকের মৃত্যু: স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশকে অবৈধ বললেন: শিশির মনির

সময়: 11:18 am - June 6, 2026 |

মানব কথা :রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো লাইসেন্স বাতিলের নোটিশকে ‘বেআইনি’ ও আইনবহির্ভূত বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানিয়েছেন, এ নোটিশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে বক্তব্য দেন তিনি। শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া লাইসেন্স বাতিলের নোটিশ আইনসম্মত নয়। তাই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব তদন্তে পেশাগত অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুই নার্সকে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল—উভয় পক্ষই চায় না হাসপাতালটির চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাক। তবে এ ঘটনায় যারা প্রকৃত দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত নবজাতকদের স্বজনরা। নিহত শিশুদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে তারা দীর্ঘমেয়াদে থাকবে। ক্ষতিপূরণ হিসেবে যোগ্য পরিবারের সদস্যদের চাকরির সুযোগ এবং সম্মানজনক আর্থিক সহায়তা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের লাইসেন্স বাতিলের লক্ষ্যে নোটিশ জারি করে।

Share Now

এই বিভাগের আরও খবর