রাতে আরও ২০ মিনিট চলবে মেট্রোরেল, শেষ ট্রেন সাড়ে ১০টায়
মানব কথা:রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর। রাতের দিকে মেট্রোরেল চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন এই সময়সূচি রোববার (৭ জুন) থেকে কার্যকর হবে। ডিএমটিসিএল জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। বর্তমানে শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যায়। কর্তৃপক্ষ জানায়, বর্ধিত সময়সূচি চালুর আগে গত এক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত সময়ের মধ্যে প্রতিটি দিক থেকে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালিত হবে। ফলে এ সময় ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে। ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতের চলাচলের সময় বাড়ানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার থেকেই যাত্রী পরিবহন শুরু হবে।বর্তমানে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম মেট্রোরেল সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যায়। তবে সকালে চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের আশা, নতুন সময়সূচি চালু হলে অফিসফেরত ও রাতের যাত্রীদের যাতায়াতে আরও সুবিধা হবে এবং নগরবাসীর গণপরিবহন সেবার মান আরও উন্নত হবে।









