নির্দলীয় প্রার্থী হিসেবে ভোটে আসতে পারবেন আওয়ামী লীগের যে কেউ: তথ্য উপদেষ্টা

সময়: 7:50 am - June 9, 2026 |

মানব কথা :স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আওয়ামী লীগের (বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ) যে কোনো ব্যক্তি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নয়, তাই একজন ব্যক্তি প্রয়োজনীয় যোগ্যতা ও আইনগত শর্ত পূরণ করলে প্রার্থী হতে কোনো বাধা নেই। তবে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের পক্ষে প্রচার বা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।তিনি বলেন, “এটি নির্দলীয় নির্বাচন। কেউ যদি ব্যক্তি হিসেবে নির্বাচন করতে চান এবং আইন অনুযায়ী নির্ধারিত সব শর্ত পূরণ করেন, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু প্রচারণায় আওয়ামী লীগের নাম বা নিষিদ্ধ কার্যক্রম ব্যবহার করলে সেটি সমস্যা হবে।”আওয়ামী লীগের কোনো ব্যক্তি যদি দলীয় পদ-পদবিধারী হন, সে ক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় ওই পদ-পদবি কার্যত ব্যবহার করা যাবে না। তবে ব্যক্তি হিসেবে আইনগত যোগ্যতা থাকলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

তিনি বলেন, “সংগঠনের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাই ওই পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে তিনি নির্বাচন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে এ ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না।” মামলা থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, মামলা থাকলেই নির্বাচন করা যাবে না—এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, “মামলা থাকলেও নির্বাচন করা যায়। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। কেউ যদি মনে করেন জনগণের কাছে যাওয়ার মতো অবস্থানে আছেন, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন।” তথ্য উপদেষ্টার এ বক্তব্যের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট হলো।

Share Now

এই বিভাগের আরও খবর