ইনু-হানিফের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় জুনেই, আশাবাদ চিফ প্রসিকিউটরের

সময়: 10:09 am - June 10, 2026 |

মানব কথা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলার রায় চলতি জুন মাসের মধ্যেই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার (১০ জুন) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে ইনু ও হানিফের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় প্রসিকিউশন সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন সম্পন্ন করেছে। মামলার তথ্য-উপাত্ত অনুযায়ী, কুষ্টিয়ায় সংঘটিত হত্যাযজ্ঞে তাদের সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) ছিল। তিনি দাবি করেন, শেখ হাসিনার নির্দেশনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে তারা সহযোগিতা করেছেন এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলন দমনে বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন। এসব নির্দেশনার পরিপ্রেক্ষিতে তৎকালীন পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ সংঘটিত হয়, যেখানে ছয়জন নিহত হন।আমিনুল ইসলাম বলেন, “আমরা আশা করছি, জুন মাসের মধ্যেই এ দুটি মামলার রায় ঘোষণা হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে।”সংবাদ সম্মেলনে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ান, শাইখ মাহদীসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর