ফিফার সঙ্গে সরাসরি চুক্তি, বিশ্বকাপ দেখাবে সময়, বিটিভি ও টি-স্পোর্টস
মানব কথা :দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারের বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। ফিফার সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে এবারের বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস। মঙ্গলবার (৯ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আগামী বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৪৮ দলের এই বিশ্বকাপের।
এর আগে বাংলাদেশে সম্প্রচারস্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিআই লিমিটেড। পরিকল্পনা ছিল, দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো তাদের কাছ থেকে স্বত্ব কিনে ম্যাচ সম্প্রচার করবে। তবে আলোচনা সফল না হওয়ায় প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত সম্প্রচারস্বত্ব ছেড়ে দেয়।পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় বসে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বিটিভির পাশাপাশি সময় টেলিভিশন ও টি-স্পোর্টসও বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করবে।বিশ্বকাপ সম্প্রচারের জটিলতা নিরসনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তারা বিভিন্ন ক্রীড়া সম্প্রচারকারী প্রতিষ্ঠান, জাতীয় গণমাধ্যম, টেলিকম অপারেটর এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে সম্প্রচারের পথ সুগম করেন।টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ-এও ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।সরকারের এ উদ্যোগের ফলে দেশের ফুটবলপ্রেমীরা নিরবচ্ছিন্নভাবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।










