৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
মানব কথা:জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন)
বিকেলে সংসদ অধিবেশনে তিনি দেশের নতুন অর্থবছরের আয়-ব্যয়ের পরিকল্পনা তুলে ধরছেন।এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত
বাজেটের অনুমোদন দেওয়া হয়। সংসদে বাজেট উপস্থাপনের আগে রীতি অনুযায়ী মন্ত্রিসভার এই বিশেষ সভায় বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে প্রবেশ করেন। এরপর স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা উপস্থাপন শুরু করেন।সরকারের এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
এতে অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি রাজস্ব আহরণ বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডের
গতি ত্বরান্বিত করা এবং বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সরকারের আগামী অর্থবছরের রাজস্ব, ব্যয়, উন্নয়ন পরিকল্পনা, বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা, কৃষি, শিল্প, অবকাঠামো এবং বিভিন্ন খাতভিত্তিক বরাদ্দ ও নতুন নীতিগত উদ্যোগ তুলে ধরছেন।প্রস্তাবিত বাজেট নিয়ে এখন সংসদে আলোচনা হবে। পরে সংসদ সদস্যদের মতামত ও প্রয়োজনীয় সংশোধনী বিবেচনার পর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস করা হবে।










