শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙতে একমত বাংলাদেশ–মালয়েশিয়া: প্রবাসীকল্যাণ মন্ত্রী
মানব কথা:মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানোর প্রথা আর থাকবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, স্বচ্ছ ও স্বল্প খরচে কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া একমত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশই শ্রমবাজারে বিদ্যমান সিন্ডিকেট ব্যবস্থা বন্ধে একমত হয়েছে। ভবিষ্যতে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানো হবে না।মন্ত্রী জানান, আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ঢাকা সফরে আসবেন। ওই সফরে স্বচ্ছ প্রক্রিয়ায় ও স্বল্প খরচে কর্মী পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।তিনি আরও বলেন, শ্রমবাজার সংক্রান্ত বিষয়ে দুই দেশের অবস্থান এখন একই। ফলে কর্মী প্রেরণ প্রক্রিয়ায় নতুন একটি স্বচ্ছ কাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।
এদিকে মালয়েশিয়া সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। সফরের সময় দুই দেশের মধ্যে সংস্কৃতি, সন্ত্রাস দমন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হওয়া হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।








