অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ
মানব কথা: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে ১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৮ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) পৃথক পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পদত্যাগকারীরা তাদের আবেদনে জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করেছেন।পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন—অ্যাডভোকেট ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, আসাদ উদ্দিন এবং মুহাম্মদ তারিকুল ইসলাম। অন্যদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগকারীরা হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের মতো বিষয়গুলো নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। এসব কারণে বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক শাসন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা মনে করেন। তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা তাদের পক্ষে সম্ভব নয়।









