রামপুরায় জুলাই হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সময়: 9:14 am - June 28, 2026 |

মানব কথা:জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

মৃত্যুদণ্ড যাদের:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—

  • সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান (পলাতক)
  • ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম (পলাতক)
  • রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান (পলাতক)

এছাড়া, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তিনটি হত্যার অভিযোগে বিচার:

মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন মো. নাদিম হোসেনমায়া ইসলাম। একই ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয় মায়া ইসলামের নাতি বাসিত খান মুসা, যে এখনও পুরোপুরি সুস্থ হয়নি। এ ছাড়া, প্রাণ বাঁচাতে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালানোর ঘটনাও মামলার অন্যতম অভিযোগ হিসেবে উঠে আসে।

১৩ সাক্ষীর সাক্ষ্যে রায়:

মামলাটিতে তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষ্য দেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল ২৮ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করে। এর আগে নতুন ডিজিটাল প্রমাণ উপস্থাপনের আবেদনের কারণে নির্ধারিত রায় পিছিয়ে যায়। গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। একই বছরের ৭ আগস্ট প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে।

জুলাই-সংক্রান্ত পঞ্চম রায়:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি পঞ্চম রায়। রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। প্রসিকিউশন রায়ের মাধ্যমে নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি করেছে। অন্যদিকে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী আপিলের সুযোগ রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর