প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
মানব কথা:প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিন সদস্যের পাকিস্তানি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিশেষভাবে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।










