‘জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা হোক’—সংসদে এটিএম আজহার

সময়: 12:28 pm - June 29, 2026 |

মানব কথা:জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করে বলেছেন, দলের শীর্ষ নেতাদের ‘জুডিশিয়াল কিলিং’-এর মাধ্যমে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

‘বিগত ১৭ বছরের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াক সরকার’

এটিএম আজহার বলেন, গত ১৭ বছরে যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বর্তমান সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। তিনি দাবি করেন, জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও মীর কাশেম আলীকে ‘মিথ্যা মামলায় জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে’। তিনি বলেন, শুধু এই পাঁচজনই নন, আরও ছয়জন কেন্দ্রীয় নেতাকে কারাগারে চিকিৎসাবঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

‘বাজেট বাস্তবায়নই সরকারের বড় চ্যালেঞ্জ’

বাজেট প্রসঙ্গে এটিএম আজহার বলেন, বড় বাজেট ঘোষণা করাই যথেষ্ট নয়, এর সফল বাস্তবায়নই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আহরণে অনিশ্চয়তা, ঋণনির্ভরতা এবং উন্নয়ন ব্যয়ে সংকোচন বাজেট বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে। তিনি বলেন, সরকার যদি এক বছরের মধ্যে প্রমাণ করতে পারে যে এই বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য, তাহলে বিরোধী দল হিসেবে তারা সরকারকে স্বাগত জানাবেন।

‘সুদের বিকল্প হতে পারে সুকুক’

সংসদ সদস্য এটিএম আজহার সুদভিত্তিক অর্থব্যবস্থার পরিবর্তে ইসলামি বন্ড (সুকুক) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সুকুক চালু করেছে এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ২৪ হাজার কোটি টাকার সুকুক বন্ড বিতরণ হয়েছে। ধাপে ধাপে এ ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে সুদমুক্ত অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান

দুর্নীতিকে বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে এটিএম আজহার বলেন, গত ১৭ বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ গরিব নয়, সৎ নেতৃত্বের অভাবেই দেশের সম্পদ লুটপাট হয়েছে।” তিনি সংসদ সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনপ্রতিনিধিরা সততার সঙ্গে দায়িত্ব পালন করলে দুর্নীতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্ব

শিক্ষাব্যবস্থায় নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কেবল আধুনিক শিক্ষা দিয়ে সৎ মানুষ তৈরি করা সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব

এটিএম আজহার বলেন, যেকোনো বাজেট বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সংসদের মাধ্যমেই নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, স্থানীয় সড়ক উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি পূরণেরও আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর