হারের পরও বদলায়নি অভ্যাস, স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

সময়: 6:45 am - June 30, 2026 |

স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপে ব্রাজিলের কাছে হৃদয়ভাঙা পরাজয় মেনে নিতে হলেও নিজেদের দীর্ঘদিনের অনন্য সংস্কৃতি থেকে একচুলও সরে আসেননি জাপানের সমর্থকরা। ম্যাচ শেষে গ্যালারিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তারা।সোমবার (২৯ জুন) হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিল–জাপান ম্যাচ শেষে দর্শকদের অধিকাংশ যখন স্টেডিয়াম ছাড়তে ব্যস্ত, তখনই হাতে নীল রঙের ব্যাগ নিয়ে কাজে নেমে পড়েন জাপানি সমর্থকরা। গ্যালারির বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ নানা ধরনের আবর্জনা কুড়িয়ে ব্যাগে ভরতে দেখা যায় তাদের।মজার বিষয় হলো, পুরো ম্যাচজুড়ে দলকে সমর্থন জানাতে যে নীল ব্যাগগুলো ব্যবহার করেছিলেন, খেলা শেষ হওয়ার পর সেগুলোই পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করেন তারা।

জাপানি সমর্থকদের এই সচেতনতা ও দায়িত্বশীল আচরণ স্টেডিয়ামে উপস্থিত অন্য দর্শকদেরও মুগ্ধ করে।বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই উদ্যোগ নতুন কোনো ঘটনা নয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে নিজেদের অভিষেক আসর থেকেই ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করার এই সংস্কৃতি বিশ্ববাসীর নজর কাড়ে। এরপর গত প্রায় তিন দশক ধরে প্রতিটি বিশ্বকাপেই একই ঐতিহ্য ধরে রেখেছেন তারা।জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত স্থাপন করে আবারও ক্রীড়াঙ্গনে অনুকরণীয় উদাহরণ তৈরি করলেন জাপানের সমর্থকরা।

Share Now

এই বিভাগের আরও খবর