পূবালী ব্যাংকের খেলাপি ঋণ মাত্র ২.২০%

সময়: 10:59 am - July 1, 2026 |

মানব কথা:দেশের ব্যাংকিং খাতে যেখানে খেলাপি ঋণের হার ৩০ শতাংশের বেশি, সেখানে পূবালী ব্যাংকের নন-পারফর্মিং লোন (এনপিএল) নেমে এসেছে মাত্র ২.২০ শতাংশে। তথ্যভিত্তিক ঋণ তদারকি, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং কার্যকর পুনরুদ্ধার কার্যক্রমের ফলেই এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। সম্প্রতি অনুষ্ঠিত পূবালী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালের শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ২০.২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে আমানত বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৫২০ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ হয়েছে ৭১ হাজার ১৪১ কোটি টাকা। ব্যাংকটির একীভূত পরিচালন মুনাফা হয়েছে ২ হাজার ৯০৭ কোটি ৫৭ লাখ টাকা এবং কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ কোটি ৫৬ লাখ টাকা

শেয়ারদর ও মূলধনে শক্ত অবস্থান:

মোহাম্মদ আলী বলেন, ২০২২ সালে পূবালী ব্যাংকের শেয়ারদর যেখানে ১৬ থেকে ২০ টাকার মধ্যে ছিল, বর্তমানে তা ৩৭ টাকার বেশি। একই সঙ্গে ধারাবাহিক স্টক ডিভিডেন্ডের মাধ্যমে পরিশোধিত মূলধন প্রায় ৫৬ শতাংশ বেড়ে ১ হাজার ৫৬০ কোটি টাকায় উন্নীত হয়েছে। ফলে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের বিনিয়োগের বাজারমূল্য তিনগুণেরও বেশি বেড়েছে।

ডিজিটাল ব্যাংকিংয়ে বড় অগ্রগতি:

ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পিআই ডিজিটাল’-এ ২০২৫ সালের শেষে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ২৭৬ জনে। প্ল্যাটফর্মটির মাধ্যমে বছরে ১ কোটি ৮৬ লাখের বেশি লেনদেন সম্পন্ন হয়েছে। এক বছরে ব্যবহারকারী বেড়েছে ৭৮ শতাংশ এবং লেনদেন বেড়েছে ১১৫ শতাংশ

এছাড়া ব্যাংকের রয়েছে—

  • ৫১৭টি শাখা
  • ২৭৪টি উপশাখা
  • ২২টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো
  • ৯০১টি এটিএম/সিআরএম

পাশাপাশি ২৫ হাজার ৫২৫টি মার্চেন্ট পজ টার্মিনাল এবং ১ কোটি ৪৫ লাখের বেশি বাংলা কিউআর স্থাপনের মাধ্যমে নগদবিহীন লেনদেন আরও সম্প্রসারণ করা হয়েছে।

মূলধন ও বৈদেশিক বাণিজ্যে শক্তিশালী অবস্থান:

২০২৫ সালে ব্যাংকের—

  • ইপিএস (EPS): ৮.৩০ টাকা
  • রিটার্ন অন ইক্যুইটি (ROE): ১৫.৫১ শতাংশ
  • রিটার্ন অন অ্যাসেট (ROA): ১.০০ শতাংশ
  • সিআরএআর (CRAR): ১৫.৩৪ শতাংশ

যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম সীমার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

একই সময়ে ব্যাংকের মাধ্যমে পরিচালিত—

  • রপ্তানি: ৩৮ হাজার ৬৬৪ কোটি টাকা
  • আমদানি: ৪৭ হাজার ৩১৪ কোটি টাকা
  • রেমিট্যান্স: ১১ হাজার ৩৬২ কোটি টাকা

টেকসই ব্যাংকিংয়ে গুরুত্ব:

পূবালী ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের শেষে মোট ঋণের প্রায় ৩০ শতাংশ ছিল টেকসই অর্থায়নের (সাসটেইনেবল ফাইন্যান্স) আওতায়। এছাড়া ৪১১টি শাখা ও ৪৫৩টি এটিএম/সিআরএমে সৌরবিদ্যুতের ব্যবহার এবং ৩৭টি এলইইডি (LEED) সনদপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে অর্থায়ন করেছে ব্যাংকটি।

২০২৬ সালের পরিকল্পনা:

ব্যাংকের এমডি জানান, ২০২৬-২০২৮ কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যাংকিং আরও সম্প্রসারণ করা হবে। আগামী বছরজুড়ে ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ পরিচালনার মাধ্যমে খুচরা, স্বাস্থ্য, শিক্ষা, করপোরেট ও সিএমএসএমই খাতে ডিজিটাল লেনদেন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর