খামেনির জানাজায় শোকের আড়ালে শক্তির প্রদর্শন, ধর্মীয় প্রতীক ও রাজনৈতিক বার্তায় নতুন কৌশল ইরানের

সময়: 10:20 am - July 6, 2026 |

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে আয়োজিত এক সপ্তাহব্যাপী কর্মসূচিকে শুধু রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, বরং রাজনৈতিক ও ধর্মীয় বার্তা প্রচারের একটি কৌশলগত আয়োজন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয়ভাবে আয়োজিত শোকযাত্রা, ধর্মীয় প্রতীক, কোরআনের আয়াত এবং আঞ্চলিক মিত্রদের অংশগ্রহণের মাধ্যমে দেশীয় ঐক্য জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একটি শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা করছে তেহরান। শুক্রবার (৩ জুলাই) থেকে তেহরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ইরান ও ইরাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর ঘুরে শোকযাত্রা পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি পর্বে শিয়া মতাদর্শ, বিপ্লবের আদর্শ এবং ‘প্রতিরোধের রাজনীতি’কে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ খামেনির মৃত্যুকে ‘শাহাদাত’ হিসেবে বর্ণনা করছে। সরকারি প্রচারণায় তাকে শুধু একজন রাষ্ট্রনায়ক নয়, বরং ইসলামি বিপ্লবের আদর্শিক প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। এ উপলক্ষে ব্যবহৃত আনুষ্ঠানিক স্লোগান ‘আমাদের জেগে উঠতে হবে’ এবং আন্তর্জাতিক পরিসরে ব্যবহৃত ‘আল্লাহর জন্য জেগে ওঠো’—দুটিই কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান বহন করে।

মুষ্টিবদ্ধ হাত ও লাল পতাকার প্রতীকী বার্তা:

জানাজার আয়োজনজুড়ে সবচেয়ে আলোচিত প্রতীক ছিল খামেনির মুষ্টিবদ্ধ হাতের চিত্র। লাল ও কালো পটভূমিতে ব্যবহৃত এই প্রতীককে প্রতিরোধ, আত্মত্যাগ এবং ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ওড়ানো হয়েছে বিশাল লাল পতাকা, যেখানে লেখা ছিল ‘হে হোসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা’। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে কারবালার ঐতিহাসিক ঘটনার সঙ্গে খামেনির মৃত্যুকে প্রতীকীভাবে যুক্ত করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা জোরালো করার চেষ্টা করেছে ইরান।

মোজতবা খামেনির অনুপস্থিতি:

জানাজায় অংশ নেন খামেনির তিন ছেলে—মাসউদ, মেইসাম ও মোস্তফা। তবে বর্তমান রাষ্ট্রপ্রধান মোজতবা খামেনি নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত হননি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। সাম্প্রতিক সময়ের নিরাপত্তা হুমকির কারণেই তাকে প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ধর্মীয় শহর ঘিরে প্রতীকী শোকযাত্রা:

খামেনির মরদেহ যে পথে নেওয়া হচ্ছে, সেটিও বিশেষ তাৎপর্যপূর্ণ। কোম, নাজাফ, কারবালা ও মাশহাদের মতো শিয়া মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রগুলোকে অন্তর্ভুক্ত করে শোকযাত্রার রুট নির্ধারণ করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এর মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের ধর্মীয় বৈধতা ও আদর্শিক ভিত্তিকে আরও শক্তিশালীভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

প্রতিরোধ অক্ষ’কে এক মঞ্চে আনার চেষ্টা:

জানাজার রাষ্ট্রীয় আয়োজনে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুতি প্রতিনিধিসহ ইরানের ঘনিষ্ঠ বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর নেতারা অংশ নেন। অনুষ্ঠানে তাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন তথাকথিত ‘প্রতিরোধ অক্ষ’-এর ঐক্যের বার্তা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সামনে কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত পাঠের মধ্য দিয়েও ইরান কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়ন:

বিশ্লেষকদের মতে, খামেনির জানাজা কেবল শোকানুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি অভ্যন্তরীণ রাজনৈতিক সংহতি, ধর্মীয় বৈধতা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার একটি সুপরিকল্পিত কৌশলে পরিণত হয়েছে। শোক, প্রতিরোধ ও বিপ্লবের আদর্শকে একসূত্রে গেঁথে ইরান নতুন নেতৃত্বের অধীনে নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরার চেষ্টা করছে।

Share Now

এই বিভাগের আরও খবর