বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিলেন মো. রুহুল আমিন

সময়: 8:42 am - July 7, 2026 |

মানব কথা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. রুহুল আমিন। রোববার (৫ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পানি সম্পদ ব্যবস্থাপনা, পরিকল্পনা ও প্রকৌশল খাতে অভিজ্ঞ এই কর্মকর্তা নতুন দায়িত্বে বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। মো. রুহুল আমিন ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরিকালে তিনি উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৩২ বছরের বেশি কর্মজীবনে তিনি জাপান, ভিয়েতনাম ও অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে সেমিনার ও পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অর্জিত অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সফলভাবে প্রয়োগ করেছেন বলে জানা গেছে। রাজশাহীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৮ সালে জন্মগ্রহণকারী মো. রুহুল আমিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সদস্য। নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, সেচব্যবস্থা উন্নয়ন এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় চলমান ও নতুন প্রকল্পগুলো বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর