অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন :তথ্য উপদেষ্টা
মানব কথা:আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি রোডম্যাপ প্রণয়ন করছে। আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এজন্য একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান, জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগেই উদ্বোধন করা হবে। তিনি বলেন, “এ সরকার জুলাইয়ের সরকার। জুলাই গণঅভ্যুত্থান ও জুলাইয়ের শহীদ এবং যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সরকার গুরুত্বের সঙ্গে তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী এটি সরাসরি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য নিরাপত্তা বিষয়ে তিনি জানান, উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রবণতা রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। খাদ্য ব্যবসায়ীদের একটি জাতীয় তথ্যভাণ্ডার তৈরি করা হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।খাদ্য মজুতের বিষয়ে তিনি বলেন, বর্তমানে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন।









