তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী

সময়: 8:40 am - July 9, 2026 |

মানব কথা:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা বর্তমান সরকারের অন্যতম রাজনৈতিক অঙ্গীকার।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে। তবে এর চূড়ান্ত কাঠামো তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি অন্তর্বর্তী সরকার হবে, সে বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামত বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”তিনি জানান, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আপিল বিভাগের রায়ে উল্লেখিত ৫৪টি বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, সুপ্রিম কোর্টের রায় ও জনগণের প্রত্যাশার আলোকে রায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে।এর আগে বৃহস্পতিবার সকালে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।

আইনজীবীদের মতে, আপিল বিভাগের এ রায়ের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাগণভোটের বিধান পুনর্বহালের পথ উন্মুক্ত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করেন এবং সংবিধানে গণভোটের বিধান পুনর্বহালের নির্দেশ দেন। তবে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়নি। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন।

Share Now

এই বিভাগের আরও খবর