হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সময়: 2:20 pm - July 11, 2026 |

মানব কথা:দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৮৪ শিশু। শনিবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৬০ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৭০২ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। সব মিলিয়ে একদিনে আক্রান্ত হয়েছে ৭৮৪ শিশু।এ সময়ে নতুন করে ৬৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫২৮ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৪১০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ৮৯ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর