প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল, আসছে ‘হ্যাপিলি ম্যারিড’

সময়: 10:06 am - July 15, 2026 |

বিনোদন ডেস্ক:প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। পরিচালক জাহিদ প্রীতমের নির্মাণে চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে এই নতুন জুটিকে। মিনিস্ট্রি অব লাভ (এমওএল) ব্যানারে নির্মিত ছবিটির সহপ্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।

নির্মাতা জানিয়েছেন, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’। গল্পে যেমন থাকবে রোমান্স ও হাস্যরস, তেমনি থাকবে আবেগঘন পারিবারিক মুহূর্তও।

নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরিফিন শুভ। তিনি জানান, চরকির সঙ্গে ‘উনিশ ২০’-এর পর আবার কাজ করছেন তিনি। এ সিনেমায় দর্শক তাকে প্রচলিত নায়ক চরিত্রে দেখবেন না। বরং তিনি অভিনয় করেছেন মফস্বলের একজন দায়িত্বশীল যুবকের চরিত্রে, যার জীবনের কেন্দ্রবিন্দু পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষরা।

কেয়া পায়েলের ভাষ্য, একাধিক কারণে সিনেমাটি তার কাছে বিশেষ। এটি চরকির সঙ্গে তার প্রথম কাজ, প্রথমবার সহশিল্পী হিসেবে পেয়েছেন আরিফিন শুভকে, আর পরিচালনায় রয়েছেন জাহিদ প্রীতম। তিনি বলেন, তার চরিত্রটি অভিনয়ের নানা স্তরে সমৃদ্ধ এবং দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবেন।

পরিচালক জাহিদ প্রীতম বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, মানুষের মানসিক পরিবর্তন এবং পারিবারিক মূল্যবোধের সংঘাতকে বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’-এ। তার বিশ্বাস, রোমান্স, হিউমার ও পারিবারিক আবেগের সমন্বয়ে সিনেমাটি সব শ্রেণির দর্শকের কাছে ভালো লাগবে।

Share Now

এই বিভাগের আরও খবর