এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর: ঝড়-বৃষ্টিতে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ
মানব কথা:প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এসব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবেন। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষার্থী দুর্যোগের কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। ফলে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া একই বিষয়ের পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে অংশগ্রহণের সুযোগ পাবেন।
পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্নে পূর্ণ নম্বর, এদিকে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন প্রণয়নে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের **৬ ও ৭ নম্বর প্রশ্নে** যে ভুল হয়েছে, তার কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের **পূর্ণ নম্বর** দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এ ঘোষণায় দুর্যোগে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।









