‘বরাদ্দ অনুযায়ী যতটুকু সম্ভব, ততটুকুই করব’: ত্রাণ প্রতিমন্ত্রী
মানব কথা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও সব উন্নয়নকাজ একসঙ্গে করা সম্ভব হচ্ছে না। তবে বরাদ্দ অনুযায়ী প্রয়োজনীয় কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও দৃশ্যমান উন্নয়ন করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের (পিআইও) নির্মিত বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, “আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব।” তিনি বলেন, দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকারের হাতে পর্যাপ্ত অর্থ থাকলে উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। এ বছর সবকিছু করা সম্ভব না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন ও জনকল্যাণমূলক আরও কিছু কাজ করার আশা রয়েছে। ঝিনাইগাতীর বিভিন্ন এলাকায় নির্মিত সড়ক পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি সড়কগুলোর নির্মাণমান, স্থানীয় মানুষের চলাচল এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় এলাকার যোগাযোগব্যবস্থা, সড়ক উন্নয়ন এবং দুর্যোগকালীন মানুষের দুর্ভোগের বিষয়গুলোও উঠে আসে। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকারের বরাদ্দ সীমিত হলেও জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে কাজের মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সড়ক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।









