গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সোনাইমুড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের আলোচনা সভা ও গণমিছিল
সাজিদ রুবেল, নোয়াখালী প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সভা শেষে একটি বিশাল গণমিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মোল্লার সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সেক্রেটারি ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি, নোয়াখালী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান, পৌর জামায়াতের আমির আবদুল মতিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, এনসিপি সোনাইমুড়ী উপজেলা আহ্বায়ক খোরশেদ আলম, জামায়াত নেতা অ্যাডভোকেট ইদ্রিস মোল্লা এবং ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সেক্রেটারি আমিনুল এহসান ফাহাদ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা ও গণমিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।









