সওজের প্রধান প্রকৌশলী হলেন মনিরুজ্জামান

সময়: 9:07 am - August 16, 2026 |

নিজস্ব প্রতিবেদক: সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী হিসেবে সাময়িকভাবে (চলতি দায়িত্ব) নিয়োগ পেয়েছেন মো. মনিরুজ্জামান। এর আগে তিনি সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইং) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (১৫ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মনিরুজ্জামানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে মঙ্গলবার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও গ্রেড-৩ কর্মকর্তা সৈয়দ মঈনুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য স্ব-বেতনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এর ফলে সওজের প্রধান প্রকৌশলীর পদে নতুন করে চলতি দায়িত্ব দেওয়ার প্রয়োজন দেখা দেয়। সেই পরিপ্রেক্ষিতেই অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হলো। সড়ক ও জনপথ অধিদপ্তর দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক নির্মাণ, উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। নতুন দায়িত্বে মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এসব কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর