স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমল ৪ হাজার টাকা

সময়: 7:43 am - September 2, 2026 |

মিজানুর রহমান: নির্বাহী সম্পাদক:

দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দামে স্বর্ণ বিক্রি কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া এক ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে। এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। এর আগে গত সোমবার (৩১ আগস্ট) সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। দুই দফা দাম কমানোর ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও নিচে নামল। এতে স্বর্ণের ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর