পুলিশকে সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

সময়: 9:58 am - September 3, 2026 |

বিশেষ প্রতিনিধি:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘দুষ্টের দমনে পুলিশকে অত্যন্ত কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে।’ একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি। সাক্ষাৎকালে অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করা এবং সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

বিচারবহির্ভূত হত্যা ও হয়রানি বন্ধের নির্দেশ:

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। এ অবস্থায় বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে বাংলাদেশ পুলিশকে নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশকে আইন ও মানবাধিকারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে।

পুলিশ আধুনিকায়নে অগ্রগতি জানালেন আইজিপি:

সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন আইজিপি। রাষ্ট্রপতিও পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Share Now

এই বিভাগের আরও খবর