প্রয়োজনে আফ্রিকা থেকে জ্বালানি আমদানি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময়: 9:53 am - September 5, 2026 |

বিশেষ প্রতিনিধি:দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজন হলে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় নিয়ে দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার বিকল্প উৎস খুঁজছে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরিকল্পনার কথা জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাকনির্ভর। এ নির্ভরতা কমিয়ে নতুন নতুন পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য নিয়েও কাজ চলছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর