হজযাত্রীদের সেবায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

সময়: 12:02 pm - September 5, 2026 |

শহিদুল ইসলাম:
আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি আরব সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের সেবার মান উন্নত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী হজের নিবন্ধন ও ব্যবস্থাপনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। গত হজে একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুজন হজযাত্রী সময়মতো হজে যেতে পারেননি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, পরে পুলিশ, এনএসআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানোর ব্যবস্থা করা হয়।

হাজিদের সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, গতবার সরকার বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করেছে। পাশাপাশি হাজিদের লাগেজ র‍্যাপিংয়ের জন্যও কোনো অর্থ নেওয়া হয়নি। সরকারের ব্যবস্থাপনাতেই এসব সেবা দেওয়া হয়েছে। হজ গাইডদের সেবার মান আরও উন্নত করার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, যারা ভালো কাজ করবেন, ভবিষ্যতে তাদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে শ্রেষ্ঠ হজ গাইডদের আরও বড় পরিসরে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে। এবার শ্রেষ্ঠ হজ গাইডদের মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে ধর্ম মন্ত্রণালয়।

Share Now

এই বিভাগের আরও খবর