নারী শ্রমিকদের জন্য দ্রুত চালু হবে কালুরঘাট শ্রমকল্যাণ কেন্দ্র: শ্রমমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি:
শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত ‘শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। শ্রমমন্ত্রী বলেন, কালুরঘাট শিল্প এলাকার শ্রমজীবী নারীদের জন্য নির্মিত মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্রটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, কালুরঘাট শিল্প এলাকায় অন্তত দুই লাখ শ্রমিক কাজ করেন। তাঁদের একটি বড় অংশ নারী। শিল্পাঞ্চলের নারী শ্রমিকদের নিরাপদ আবাসন, চিকিৎসাসেবা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিদর্শনকালে মন্ত্রী হোস্টেলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। একই সঙ্গে পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কেন্দ্রের বিভিন্ন সুবিধা পরিদর্শন করেন। আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমজীবী নারীদের জন্য নির্মিত এ স্থাপনায় সরকার কয়েক শত কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে নানা কারণে দীর্ঘদিন ধরে এটি চালু করা সম্ভব হয়নি। এখন স্থাপনাটি কীভাবে কার্যকরভাবে শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পর্যালোচনা করা হবে। তিনি বলেন, ভবনটির ভবিষ্যৎ ব্যবহার নির্ধারণের ক্ষেত্রে আইনগত ও কারিগরি বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে। মন্ত্রী আরও বলেন, শ্রমজীবী নারীদের জন্য নিরাপদ আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করা শুধু একটি অবকাঠামো নির্মাণের বিষয় নয়; এর সঙ্গে তাঁদের নিরাপত্তা ও কর্মপরিবেশও জড়িত। তাই প্রয়োজনীয় সব দিক বিবেচনায় নিয়ে স্থাপনাটি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, শ্রম কল্যাণ সংস্থার কর্মকর্তারা, ঠিকাদারি প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









