তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে না বৃষ্টির পানি: ডিএসসিসি প্রশাসক

সময়: 2:04 pm - October 10, 2026 |

নিজস্ব প্রতিবেদক:প্রতিদিনের বৃষ্টিতে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে না বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। ডেঙ্গুর ঝুঁকি কমাতে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে তিন মাসব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় শনিবার ডিএসসিসির সব ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন করা হয়।অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, প্রতিদিন বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে পানি জমে থাকছে। এসব পানি দ্রুত অপসারণ করতে হবে। ব্যক্তিগতভাবে কোথাও জমে থাকা পানি সরানো সম্ভব না হলে সিটি করপোরেশনকে জানাতে হবে। করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সপ্তাহে অন্তত এক দিন নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা গেলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।ডিএসসিসি প্রশাসক বলেন, সরকারের নির্দেশনায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। তিন মাসব্যাপী এ কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে নগরের রাস্তাঘাট ও বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। এর ফলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত পরিচ্ছন্নতার কাজ করবেন। তবে এ উদ্যোগ সফল করতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ জন্য স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর