জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিরোধীদের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

সময়: 8:26 am - October 19, 2026 |

শহিদুল ইসলাম:

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনসহ প্রয়োজনীয় আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করতে না পারলে জাতীয় প্রত্যাশা পূরণ সম্ভব হবে না। এ চেতনা বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে চায়। এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এ ক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে।’ বিরোধী দল এ বিষয়ে সরকারকে সহযোগিতা করছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিষয়টিকে সংবিধান সংস্কারের দৃষ্টিকোণ থেকেও দেখতে পারত। তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেতা বলেছেন, তারা সরকারকে সহযোগিতা করবেন না। তবে আমরা চাই, তারা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।’ জুলাই স্মৃতিফলক উন্মোচনকে জাতীয় অনুপ্রেরণার অংশ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান এক দিনে সংঘটিত হয়নি। এর পেছনে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলন ছিল। তিনি বলেন, জাতীয় জীবনে জুলাইয়ের চেতনাকে জাগরুক রাখতে হবে। ভবিষ্যতে নাটক, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও জুলাইয়ের প্রতিফলন থাকা প্রয়োজন। সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করতে চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন। জুলাইয়ে তাঁর সরাসরি নেতৃত্বের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কাজের মাধ্যমেই তাদের অঙ্গীকারের প্রমাণ দেবে। জুলাই সনদ বাস্তবায়ন, সাংবিধানিক সংশোধন এবং জাতীয় প্রত্যাশা পূরণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।

Share Now

এই বিভাগের আরও খবর