ক্যান্সার হাসপাতালে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

সময়: 8:32 am - October 19, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মেশিন কেনায় শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের রোগীরা নিজ দেশেই আধুনিক ক্যান্সার চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। আজ রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যান্সার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য ক্যান্সার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না। ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।’ সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা দেশের ভেতরেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন। তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে সরকারের যা যা করণীয়, তা করা হবে। স্বাস্থ্য খাতের বাজেটের একটি বড় অংশ ক্যান্সার চিকিৎসায় ব্যবহারের কথাও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আধুনিক চিকিৎসা সরঞ্জাম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাঁদের আগামী তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। চিকিৎসা সরঞ্জাম স্থাপনের পাশাপাশি দক্ষ জনবল তৈরি ও প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করাও জরুরি বলে তাঁর বক্তব্যে উঠে আসে। স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে কোনো ধরনের গাফিলতি সহ্য করবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Share Now

এই বিভাগের আরও খবর