প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ, নিরাপত্তার আওতায় ৩৩ পয়েন্ট

সময়: 11:45 am - October 21, 2026 |

মানব কথা ডেস্ক:

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার রাজধানীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর পলাশী মোড়ে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ। তিনি বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নগরীর ৩৩টি পয়েন্টে বিসর্জন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে ওয়াইজঘাট এলাকায় সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হবে। মো. শহীদুল্লাহ জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হবে। পরে শোভাযাত্রাটি ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে এবং সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রতিমাগুলো ইতোমধ্যে নির্ধারিত স্থানে রাখা হয়েছে। প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তুলে ধরে ডিএমপির এ কর্মকর্তা বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। তিনি বলেন, এবার রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিমা বিসর্জনের বাকি কার্যক্রমও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান মো. শহীদুল্লাহ। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন ডিএমপির এ কর্মকর্তা। তিনি বলেন, সবাই যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজার কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ করার পুরো প্রক্রিয়ায় নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

সূত্র: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Share Now

এই বিভাগের আরও খবর