সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী

সময়: 5:52 am - October 22, 2026 |
মানব কথা ডেস্ক:

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। আইনগুলোকে আরও কার্যকর, যুগোপযোগী ও টেকসই করতে সংশ্লিষ্ট অংশীজন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিক এবং পত্রিকার সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। বুধবার রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আন্দালিভ রহমান বলেন, ‘সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় আইন আমরা সংশোধন করার উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়া আরও কার্যকর ও যুগোপযোগী করতে স্টেকহোল্ডার, বিভিন্ন টিভি চ্যানেলের মালিক ও পত্রিকা সম্পাদকদের সঙ্গে বসে আলোচনা করা হচ্ছে।’ তিনি বলেন, গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ—সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হয়, এমন একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে চায় সরকার। আইন সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে অচিরেই ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শুধু সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশাজীবী নয়, রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধমূলক ঘটনা ঘটালে প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার করা হবে। ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগতভাবে মোট ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান। বুধবার রাতে তিনি জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাব-সংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোড পূজামণ্ডপ। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার অত্যন্ত আনন্দ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিক পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন—এটি অত্যন্ত আনন্দের বিষয়। শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পূজা কমিটির নেতাদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, এবার পূজা চলাকালে ভোলায় কোথাও নিরাপত্তার শঙ্কা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাসসকে জানান, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের কঠোর তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে এবার জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন। সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকায় জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অসীম কুমার সাহা।

Share Now

এই বিভাগের আরও খবর