‘পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’, বিধান অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায়: তথ্য প্রতিমন্ত্রী
মানব কথা ডেস্ক:
আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না—এমন বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষ হলে চলতি বছরের মধ্যেই সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হতে পারে। তবে আইনটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সরকার এ বিষয়ে তাড়াহুড়া করতে চায় না। বুধবার ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেপ্তারের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের গ্রেপ্তারের তথ্য সঠিক নয়। তাঁদের মূলত সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁদের সুরক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে রক্ষার বিষয়টিও এখানে জড়িত ছিল। হয়তো সে কারণেই তাঁদের কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আইনের ঊর্ধ্বে কেউ নন বলেও মন্তব্য করেন তিনি। চলমান তৈরি পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে বর্তমানে যে আন্দোলন চলছে, তা মূলত রাজনৈতিকভাবে ফ্রেম করা একটি বিষয়।









