পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি
মানব কথা ডেস্ক:
দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপের নির্বাচনের তপশিল নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঁচ ধাপে ইউপি নির্বাচনের এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। ইসি ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।’









