উন্নয়নের স্বার্থে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা যাবে না: মীর শাহে আলম

সময়: 11:21 am - November 21, 2026 |

মানব কথা :উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, উন্নয়নকাজের প্রয়োজন বিবেচনায় ন্যূনতম বৈধতা বজায় রেখে বালু উত্তোলনের বিষয়ে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও প্রশাসন আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফরের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন তাঁর সঙ্গে ছিলেন।মীর শাহে আলম বলেন, ‘উন্নয়নের স্বার্থে একেবারে বালু উত্তোলন বন্ধ করা যাবে না। বৈধ-অবৈধর কথা আমরা পরে বলব। একেবারে যদি বালু উত্তোলন বন্ধ হয়ে যায়, তাহলে সরকারের উন্নয়ন স্থবির হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, উন্নয়নকাজ চালু রাখতে যতটুকু বালু প্রয়োজন, তা স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে নির্ধারণ করা হবে।রাজনৈতিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।’এর আগে প্রতিমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত মরা করতোয়া নদী ও আশপাশের খাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের সব খাল ও মরা নদী পুনরুজ্জীবিত করা হবে।

তিনি আরও জানান, খুব শিগগিরই খাল খনন কর্মসূচির কাজ উদ্বোধন করা হবে।পরিদর্শনকালে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর