জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য
কোর্ট রিপোর্টার:
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য দেবেন একজন সাক্ষী। তবে সাক্ষীর নাম প্রকাশ করেনি আসামিপক্ষ। রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। নিরাপত্তার কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেবেন জিয়াউল আহসান। জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও নাম প্রকাশ না করায় আপত্তি জানিয়েছে প্রসিকিউশন। তাদের অভিযোগ, আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে তা গোপন রাখা হয়েছে। এ মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এর আগে গত ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জবানবন্দি দেন। সেখানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তিনি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক নির্বাহী তদন্ত করা হতো বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি। তদন্ত কর্মকর্তা বলেন, প্রকৃত অপরাধীরা যেন আড়ালে থেকে যান, সে জন্য নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্ত ব্যবহার করা হতো। এসব তদন্তের প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে প্রকৃত মৃত্যুর কারণ গোপন করে কর্মকর্তাদের দিয়ে মিথ্যা ও ভুল ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করতে বাধ্য করা হতো। এর উদ্দেশ্য ছিল প্রকৃত অপরাধীদের রক্ষা করা। জবানবন্দির পর কয়েক দিন ধরে রফিকুল ইসলামকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।









