আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন

সময়: 10:53 am - November 22, 2026 |

মানব কথা ডেস্ক:

আলোচনা ও সমঝোতার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড। এ প্রক্রিয়ায় শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাহ্দী আমিন বলেন, মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করবে। দ্রুততম সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার বিষয়ে তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। তবে সরকার সর্বোচ্চ সহনশীলতা ও আন্তরিকতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যা সমাধানের চেষ্টা করছে। মজুরি বৃদ্ধির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আগে প্রতি পাঁচ বছর পরপর ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। তবে ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে। তিনি বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

মাহ্দী আমিন আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি জানান, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থ, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও মর্যাদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গুলোর সক্ষমতা বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে আইন বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তৈরি পোশাকশিল্প ও শ্রমিক কল্যাণের যে ভিত্তি রচিত হয়েছিল, বর্তমান সরকার সেই ধারাবাহিকতা এগিয়ে নিচ্ছে বলেও উল্লেখ করেন মাহ্দী আমিন। পাশাপাশি দেশের শ্রমমান উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও উন্নয়ন সহযোগীদের ভূমিকার প্রশংসা করেন তিনি। সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রমসচিব আব্দুর রহমান তরফদার এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর